ব্লগ সংরক্ষাণাগার

শনিবার, ১ জুলাই, ২০১৭

অভিজিৎ আচার্য্য

 ##--- সব ভোলানোর জন্য

বৃষ্টি শেষে শহর জুড়ে চিকচিকিয়ে রোদ ওঠে যখন, আধ জ্বলা নিকোটিন মুখটা পিঠে তুলে নেয় আধুনিক ঝোলাখানা, আনমনা রিংটন জুড়ে তখনই বেজে ওঠে খোলা আকাশ, বিবাগী চাঁদ আর যুদ্ধ শেষে ঘরে ফেরা একলা সৈনিক।

বন্ধ লোহার গেটে বেজে ওঠা মন্ত্র গিলিয়ে যখন ফেরত মেলে ঝামটা, ছেঁড়া মানি ব্যাগ হাতরে তখনই খোঁজ পাওয়া  যায় চ্যাপ্টা গোলাপটার।

কালচে গলি, ফুটন্ত চা, দেয়াল ভর্তি লাল পিক আর বসন্ত ছাপ হলদে দাঁত গুল যখন হামলে আসে জাপটাতে তখনই সেতু হয়ে ওঠে বেগুনী, ডাক মেলে ঘরে ফেরার।

চুন খসা স্যাঁতস্যাঁতে দেয়াল যখন আধো আলোতে একাত্ম, টালির কোনায় লেগে থাকা জ্যোস্না তখনই গল্প শোনায় আলোকবর্ষ দূরের এক জাদুকরের।

স্বপ্নপরি নেমে আসে তখনই, ঘুমের পোশাক পরে, সব ভোলানোর ছুঁতোয়  সর্বস্ব হরণ করে॥


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন